সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যকান্ডের ঘটনায় ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার ট্রেজারি মন্ত্রী স্টিভেন নুকিন জানান, অভিযুক্তরা একাধিক শ্রেণীর নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এর মধ্যে ভ্রমণে বিধিনিষেধ ছাড়াও কোনো মার্কিন নাগরিক কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে তারা কোনোপ্রকার ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যতম ব্যক্তি হচ্ছেন সৌদি যুবরাজের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল সউদ আল কাহতানি। তার বিরুদ্ধে খাশোগি হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে অংশ নেয়ার অভিযোগ আছে। আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মাহের মুতরেব যিনি সৌদি যুবরাজ ও আল কাহতানি উভয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যরাও হত্যাকান্ডের দিন কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার প্রতিক্রিয়ায় বলেছেন, খাশোগি হত্যার ঘটনায় জারি করা এই নিষেধাজ্ঞা এই জঘন্য হত্যাকান্ডের বিরুদ্ধে আমাদের প্রথম পদক্ষেপ। নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা সৌদি রাজপরিবার কিংবা যুবরাষ্ট্রের ঘনিষ্ট বলে তিনি উল্লেখ করেন। -ওয়াশিংটন টাইমস।