সার্ভার ডাউন এনআইডি সেবা বন্ধ

সার্ভার জটিলতায় আটকে গেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) সেবা। দীর্ঘদিন ধরেই এই জটিলতা চললেও সর্বশেষ ১০ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে সার্ভার ডাউন রয়েছে। এর আগে প্রতি সপ্তাহেই অন্তত দু’চারদিন এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে এনআইডি সার্ভিসের কর্মীদের। তবে এনিয়ে ইসির কর্তারা পুরোপুরি অসহায়ত্ব প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ২০০৯ সালে সার্ভারটি কেনা হয়েছে। ১০ বছরের পুরোনো এই সার্ভারে আগের মতো কাজ করছে না। নতুন সার্ভার বসানো জরুরি হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

২০১৭ সালে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে এনআইডির মহাপরিচালক পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সারাদেশে ছবিসহ ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। যা এই সার্ভারে সংরক্ষিত রয়েছে। বর্তমানে এখানে  দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের তথ্য রয়েছে। এই তথ্যের সহায়তা নিয়েই দেশের অনেক সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, মোবাইল ফোন অপারেটরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নাগরিকদের পরিচয় শনাক্ত করেন। এর বিনিময়ে ইসিকে নির্দিষ্ট হারে তারা অর্থও প্রদান করেন।

১০ জানুয়ারি থেকে টানা সার্ভার ডাউন থাকলেও ইসির পক্ষ থেকে সেবা প্রার্থীদের কোন নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এমনকি কবে চালু হবে তাও নিশ্চিত নন তারা।

ইসি কার্যালয়ের যুগ্ম সচিব (এনআইডি) আবদুল বাতেন জানিয়েছেন, কখন ঠিক হবে তা নিশ্চিত বোঝা যাচ্ছিল না বলেই তারা কোন বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নেননি। তিনি জানান, সার্ভারে জায়গা বাড়ানোর জন্য বিদ্যমান সার্ভারকে হালনাগাদ এবং নতুন আরও একটি সার্ভার কিনতে হবে। এ জন্য সরকারের কাছে শিগগিরই প্রকল্প প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে।