বন্দরের জামাল জুট বেলিং সংলগ্ন বুলবুল ট্রেডার্স প্রেস হাউজের হাইড্রলিক প্রেসার পাইপ বিস্ফোরণে মোহাম্মদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শহরের বাচ্চু মিয়ার মালিকানাধীন বুলবুল ট্রেডার্সের প্রেস হাউজে পাটের বেলিং করার সময় হাইড্রলিক প্রেসার পাইপ বিস্ফোরণ হয়ে শ্রমিক মোহাম্মদ আলীর উপরে পড়ে। তাকে শ্রমিকরা দ্রুত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এসে লাশের সুরতহাল রেকর্ড করে মর্গে প্রেরণ করে। নিহত শ্রমিক বন্দরের কবিলের মোড় এলাকার রইস উদ্দিন হিরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে।
এ ব্যাপারে নিহতের ভাই মনির জানান, মালিকপক্ষ ভাইয়ের স্ত্রীকে ক্ষতিপূরণ প্রদান করেছে। মালিকপক্ষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শ্রমিক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।