নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন জামাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইলিয়াস মিয়ার সাথে পার্শ্ববর্তী পিংঙ্গিলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে সালমার ১০ বছর আগে বিবাহ হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। এদিকে ইলিয়াস মিয়ার স্ত্রী সালমা কয়েক বছর ধরে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ বিষয়ে একাধিকবার স্থানীয় শালিসকারীরা মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এর জের ধরে রবিবার রাতে সালমার ভাই আলমাছ, আলতু, জায়েদ আলী, ইয়ামিনসহ আরো কয়েকজন মিলে ইলিয়াস মিয়াকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। এসময় ইলিয়াছের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত ইলিয়াছকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।