নগর সংস্কৃতি

নাচের ছন্দে নৃত্যগুরুকে স্মরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল সোমবার সন্ধ্যায় বছরব্যাপী এ উত্সবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।

উদ্বোধনী আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে সমবেত নৃত্য পরিবেশন করে ‘তুমি নির্মল করো, মঙ্গল করো..’ গানের কথায় মিনু হকের নৃত্য পরিচালনায় পল্লবী ডান্স সেন্টার, ‘আকাশ ভরা সূর্য তারা..’ গানের কথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ, কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিচালনায় নৃত্যালোক, সাজু আহমেদের নৃত্য পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায়, ‘জাগো নারী জাগো..’ গানের কথায় ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনায় ধৃতি নর্ত্তনালয়, ফারহানা চৌধুরী বেবী’র নৃত্য পরিচালনায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, ‘বারো মাসে তের পার্বণ..’ গানের কথায় এম. আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় নন্দন কলা কেন্দ্র, ‘বসন্ত বাতাসে সই গো..’ গানের কথায় দীপা খন্দকারের নৃত্য পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন, তামান্না রহমানের নৃত্য পরিচালনায় (মনিপুরী) নৃত্যম, ‘আজি বাংলাদেশের হূদয় হতে..’ গানের কথায় নিলুফার ওয়াহিদ পাপড়ী’র নৃত্য পরিচালনায় নান্দনিক, বেলায়েত হোসেন খানের নৃত্য পরিচালনায় (জেলে নৃত্য), জাগো আর্ট সেন্টার, অনিক বোসের নৃত্য পরিচালনায় (ফিউশন ক্লাসিক্যাল) স্পন্দন, ‘আলগা করো গো খোঁপার বাঁধন..’ গানের কথায় সেলিনা হকের নৃত্য পরিচালনায় নৃত্যসুর।

বছরব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে স্মারকগ্রন্থ প্রকাশ, আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্য উত্সব আয়োজন, নৃত্যনাট্য উত্সব, দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা, ‘বুলবুল চৌধুরী’র নৃত্যধারা’ বিষয়ক সেমিনার, গুণী শিল্পীদেরকে সম্মাননা প্রদানসহ নানা কর্মযজ্ঞ।

প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী ১ জানুয়ারি ১৯১৯-এ জন্মগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে নৃত্যচর্চায় বিশেষ অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর সমান খ্যাতি রয়েছে। তার নামানুসারে বুলবুল ললিতকলা একাডেমী নামে বাংলাদেশে স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন।

‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘ইন্টারন্যাশনাল কালচারাল কো-অর্ডিনেশন সেল’-এর আওতায় ‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের বিষয় ছিলো নাট্যকলা ও চলচ্চিত্র। আলোচনায় নাট্যচর্চার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বাংলাদেশের নাট্যদলগুলোর বিভিন্ন দেশে নাট্য উত্সবে সফলভাবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন এবং চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। আন্তর্জাতিক অনুদানে নির্মিত বাংলাদেশি বিভিন্ন চলচ্চিত্র এবং আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম।