জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিত্সা চলছে, আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এরশাদের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি থাকাকালে এইচ এম এরশাদ দেশে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছিলেন। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা নিয়ে গেছেন। উপজেলা পদ্ধতি প্রণয়ন, রাস্তা-ঘাট ও সেতু নির্মাণ করে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি বলেন, পরবর্তী সময়ে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, সেটির ভিত্তি তৈরি করেছিলেন এরশাদ। স্বাধীনতা পরবর্তী সময়ে শুধু এরশাদের আমলেই দেশে দুর্নীতি তুলনামূলকভাবে কম ছিল। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি ছিল, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হয়েছিলেন এরশাদ।
এসময় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে জাপা জাতীয় সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের কথা বলতে জাপা কখনোই পিছপা হবে না। গঠনমূলক সমালোচনা এবং সংসদীয় রীতিনীতি অনুসরণ করে গণমানুষের পক্ষে অবস্থান নেবে। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক পারভীন তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, এরশাদের সুস্থতা কামনায় আজ মঙ্গলবার বিকাল ৪টায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে খতমে শেফা ও দোয়া মাহফিল হবে। জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
স্বপদে ফিরেছেন নাসের ও রশীদ
জাপা চেয়ারম্যানের নির্দেশে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে জাপার পীরগাছা উপজেলার সভাপতি আবু নাসের শাহ্ মো. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সরকারকে দলের পূর্বের স্ব-স্ব পদে দায়িত্বে পুনরায় বহাল করেছেন।