রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিস ব্যবসায়ী হামিদুল ইসলাম (৫৮) হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ। সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল ওরফে এরাবিয়ান হোসেন, মো. জাহিদ হোসেন, মো. শুক্কুর আলী, মো. শাকিল ওরফে ডুম্বাস ও মো. সোহেল মিয়া। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু, একটি মোটরচালিত রিকশা, লুটে নেওয়া মোবাইল ও মানি ব্যাগ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, হামিদুল ইসলাম ২৫ বছর ধরে সেগুনবাগিচা হাইকোর্ট এলাকায় ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবসা করতেন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি সেগুনবাগিচা এলাকায় থাকতেন। তিনি জাসদের শাহবাগ থানা এলাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ এর সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২৩ জানুয়ারি তিনি পুরান ঢাকায় অবস্থিত নিজের ফ্ল্যাটের ভাড়া তুলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হাতে খুন হন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ডিবির রমনা বিভাগ এই মামলার ছায়া তদন্ত শুরু করে।
আরও পড়ুন : নরসিংদীর সাবিনা হত্যার রহস্য উদ্ধার, আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি আরও জানান, ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হামিদুল ইসলাম চিৎকার করেন। তখন গ্রেফতারকৃত সোহেল মিয়া চাকু দিয়ে হামিদুলকে আঘাত করে। আর এই আঘাতেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেএইচ/ইউবি