নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের অবস্থান সুরক্ষিত করা প্রয়োজন

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি ১৪ দলের প্রাসঙ্গিতা ও অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য এসেছে। এই প্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি স্পষ্টভাবে মনে করে, ২০০৪ সালে যেসব ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল তার মূল বিষয়গুলো এখনও প্রাসঙ্গিক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির তত্পরতা অব্যাহতভাবে বিদ্যমান। এই অবস্থায় জাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের ঐক্যবদ্ধতা ও এযাবত্ কালের অবস্থান, আচরণ সুরক্ষিত করা প্রয়োজন। ওয়ার্কার্স পার্টি সেই লক্ষ্যে তার তত্পরতা অব্যাহত রাখবে এবং জাতীয় সংসদে এযাবত্ কালের পার্টির অবস্থান বহাল থাকবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর সভায় উপরোক্ত প্রস্তাব গ্রহণ করা হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আলোচনায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সকল জেলা কমিটিকে দলীয় প্রার্থী বাছাইসহ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হয়। পলিটব্যুরোর আলোচনায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, নূর আহমেদ বকুল, হাজেরা সুলতানা, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ অংশ নেন।