রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, চুরি ও ডাকাত দলের প্রধান মালাসহ ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার (২৭ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
সংবাদ সম্মেলনে মাহাবুব আলম বলেন, সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ডিএমপির থানা পুলিশসহ গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিবির রমনা ও মতিঝিল বিভাগ বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে।
এর মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের আশ্রয়দাতা মালাসহ ৯ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: প্রথম করোনা টিকা নেবেন নার্স রুনু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মালা জানায়, তিনি ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করে আসছে। তারা ডাকাত দলের কোন সদস্য কখনও গ্রেপ্তার হলে বা কোনো বিপদে পড়লে তাদের জামিন করার ব্যবস্থাসহ সবধরনের সহযোগিতা করে থাকে। তাদের এই সহযোগিতার জন্য তারা লুণ্ঠিত মালামালের একটি বড় অংশের ভাগ নেয়। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করা হয়েছে।
এছাড়া হাজারীবাগে বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেপ্তার করে রমনা বিভাগের অপর একটি টিম। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার পাঁচটি স্প্রে, চারটি মোস্তফা গুল, আটটি মলম ও জিপারে তিন প্যাকেটে মরিচের গুড়া জব্দ করা হয়। অন্যদিকে, তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন টিম। এ সময় তাদের কাছ থেকে ৩০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এসব ছিনতাইকারী, ডাকাত ও চুরি দলের সদস্যদের পিছনে যারা কাজ করছেন এমন কয়েকজনের তথ্য আমরা পেয়েছি। তাদের অতি শিগগিরই গ্রেফতার করা হবে।
ইত্তেফাক/ কেএইচ