হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার, আইফোন ও ল্যাপটপসহ আশিকুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) বিমানবন্দরের ৩২ নম্বর আগমনী টার্মিনালের আউট গেটের পার্কিংয়ের পশ্চিম পাশে থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
আর্মড পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আশিকুলকের জিজ্ঞাসাবাদের জন্য আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। সেখানে তিনি সন্দেহজনক কথাবার্তা বলতে থাকেন। আশিকুলের কাছে থাকা কালো ব্যাগ থেকে এক পর্যায়ে তল্লাশি করে ২৮ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া ২১ লাখ টাকা মূল্যের ৩০৫ গ্রাম ওজনের ২৪টি চুরি, এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ১টি আইফোন, ১ লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, একটি অ্যান্ড্রয়েড এবং একটি বাটন ফোনসেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। তবে পণ্যগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটক আশিকুল।
উদ্ধার হওয়া মালামাল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে।
আরও পড়ুন: শাহজালালে সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আশিকুল স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল ফোন চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে তিনি চোরাচালানে জড়িত। উদ্ধার করা মালামাল বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনেন।
ইত্তেফাক/কেএইচ/এমএএম