ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বুকে পুনরায় স্টেন্ট বসানো হতে পারে। তবে তা নির্ভর করছে শারীরিক পরীক্ষা এনজিওগ্রাম রিপোর্টের ওপর। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করার পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইতিমধ্যে সৌরভের ইকো কার্ডিয়োগ্রাম ও ইসিজি করা হয়েছে। বৃহস্পতিবার তার এনজিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হবে। কবে তার বুকে স্টেন্ট বসানো হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভকে দেখতে পুনরায় কলকাতায় আসতে পারেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
কলকাতার বিশিষ্ট চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলের তত্ত্বাবধানেই সৌরভ গাঙ্গুলির চিকিৎসা চলছে। আজ দেবী শেঠির আসার সম্ভাবনা রয়েছে। তিনি সৌরভের শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখতে আসবেন বলে তার পরিবারের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। চিকিৎসক আফতাব খান বলেন, ‘সৌরভের শারীরিক পরীক্ষা খতিয়ে দেখার পর তার বুকে স্টেন্ট বসানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তার গুরুতর কিছু হয়নি।
এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি।
ইত্তেফাক/টিআর