মোহামেডান-আবাহনীর ম্যাচ কুমিল্লায়। এই প্রথম দেশের খ্যাতনামা দুই দলের লড়াই দেখতে গিয়ে ড্র ম্যাচের স্বাদ নিয়ে ফিরেছেন শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের দর্শকরা। ২-২ গোলে ড্র হলেও অসাধারণ একটা ম্যাচ দেখেছেন দর্শক। ঢাকার দর্শকদের দুর্ভাগ্য বটে। তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখেন। কিন্তু অ্যাথলেটিক ট্র্যাকের কারণে মাঠ চলে গেছে দূরে। যে কারণে সাধারণ দর্শক গ্যালারি হতে খেলার অনেক ঘটনাই দেখার সুযোগ পান না। মাঠে তীব্র লড়াই হলেও দূর হতে দেখা যায় ম্যাড়ম্যাড়ে একটা ম্যাচ হচ্ছে। কমলাপুর স্টেডিয়ামেও ভালো খেলা দেখা যায় কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের পর হতে দর্শক তীব্র লড়াই দেখা হতে বঞ্চিত হয়েছেন। কাল বিকালে কুমিল্লায় খেলা শেষে ২-২ গোলে ড্র হওয়া মোহামেডান আবাহনী ম্যাচের দুই কোচই উপভোগ্য ম্যাচের কথা বলেছেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বললেন, ‘দারুণ একটা ম্যাচ হয়েছে। ঢাকায় কোলাহল থাকে না। যদিও আমরা ম্যাচটা জিততে পারিনি। তারপরও এখানে দারুণ ম্যাচ হয়েছে। দর্শক উপভোগ করেছে।’ মোহামেডানের ইংলিশ কোচ শন লেন বললেন, ‘এ ধরনের ম্যাচ দারুণ। যদিও আবাহনী জিতবে এমনটা দর্শক ধরে নিয়েছিল। কিন্তু আমরা যে খেলাটা খেলেছি জিততেও পারতাম।’
আরও পড়ুন: জাপানেই থাকছে অলিম্পিক
মোহামেডানের তুলনায় আবাহনী অনেক বেশি শক্তিশালী। এক দিন আগে এএফসি ঘোষণা করেছে কোয়ালিফাইং ম্যাচের সূচি। যারা এএফসি কাপে খেলবে তাদের খেলায় যে ধার থাকা উচিত ছিল সেটি কুমিল্লার দর্শক দেখতে পায়নি। অথচ দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি আবাহনী। ম্যাচের ১৪ মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আবাহনী। আফগান ফুটবলার মাসিহ সাইঘানি সেটপিস থেকে হাইতির বেলফোর্টের ক্রসে মাথা লাগিয়ে মোহামেডান গোলকিপার বিপুকে ডান দিকে ফেলে দিয়ে বাম দিক দিয়ে গোল করেন ফ্রান্সিসকো তোরেস। ১৮ মিনিটে গোল হজম করে আবাহনী। গোলের আনন্দ মুছে দিয়েছে মোহামেডান। পালটা আক্রমণে মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে গোল করেন ১-১। ৩৩ মিনিটে আবার আবাহনী এগিয়ে যায়। এবারও সেই ভুলের খেসারতে উইংগার জুয়েল রানা গোল করলেন, এগিয়ে দিলেন আবাহনীকে ২-১ এ।
আবাহনীর সবচেয়ে ভুল ছিল দ্বিতীয়ার্ধে রক্ষণ কৌশলে খেলতে শুরু করে। ডিফেন্সিভ ফুটবলের মাশুল দিয়েছে ম্যাচ ড্র করে। মোহামেডানের একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে আবাহনীর গোলকিপার সোহেল মাথা গরম করে ফেলেছেন। রেফারি জালাল উদ্দিন বার বার মৌখিকভাবে সতর্ক করে গেছেন তাকে। রক্ষণভাগের খেলার সুযোগে মোহামেডান ছিল দারুণ উজ্জীবিত। ৬৬ মিনিটে আবার সেই মালির ফরোয়ার্ড সুলাইমান দিয়াবেত গোল করেন ম্যাচটা ড্র করেন ২-২। খেলা শেষে মোহামেডান কোচ শন লেন জানালেন তিনি দুটি কৌশল বিছিয়েছেন। একটি হলো অধিনায়ক উরু নাগাকে মিডফিল্ডে তুলেছেন আর দ্বিতীয়টি হচ্ছে ট্যাকটিক্যালে পরিবর্তন করেছেন।
আরও পড়ুন: সাকিব ভক্তদের জন্য সুখবর
জয়ে ফিরল সাইফ
চট্টগ্রাম আবাহনীর কাছে হারের ধাক্কা পরের ম্যাচেই কাটিয়ে উঠল সাইফ স্পোর্টিং। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারায় তারা। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল পল পুটের দল। ২৫ মিনিটে আকবারালি খলদোরোভের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। তবে ১০ মিনিট পরই ইমানুয়েল আরিওয়াচুকুর গোলে সমতায় ফেরে সাইফ। বিরতির পর ৭৯ মিনিটে সাইফের জয়সূচক গোলটি আসে সিরোজিদ্দিন রাখমাতুল্লাভের কাছ থেকে। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ।
শেখ রাসেলকে জেতালেন ব্রাজিলিয়ান ফুটবলার
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের বিকালের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ৪৩ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার জিয়ান কার্লো গোল করেন। ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে শেখ রাসেল। অপর দিকে ৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬। আজ এবং আগামীকাল খেলা নেই।
ইত্তেফাক/কেকে