৬০ বছর আগের খাওয়া স্যান্ডউইচ এখনো আছে শুনেই অবাক হচ্ছেন অনেকে। ঘটনাটি ঘটেছিল ১৯৬০ সালের ২২ সেপ্টেম্বর। তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিক্সন গিয়েছিলেন ইলিনয়ের সালিভান শহরে। তাঁকে দেওয়া হয়েছিল বাফেলো বারবিকিউ স্যান্ডউইচ। তা কয়েক কামড় খেয়েই উঠে এসেছিলেন তিনি।
খাবার টেবিল থেকে ওঠার পর সবাই ভাইস প্রেসিডেন্টের পিছু নিলেও ঠায় দাঁড়িয়ে ছিল ১৪ বছর বয়সি কিশোর স্টিভ জেন। আমেরিকার হেরাল্ড অ্যান্ড রিভিউ পত্রিকাকে স্টিভ জেন বলেছেন, ‘তিনি (রিচার্ড নিক্সন) উঠে যাওয়ার পর টেবিলের উপর চোখ পড়ল। সবাই চলে গিয়েছে আর আধখাওয়া স্যান্ডউইচটা পড়ে আছে কাগজের প্লেটের উপর। চারপাশে তাকিয়ে ভাবলাম, এটা কেউ না নিলে আমি নিয়ে যাব।’
আরও পড়ুন: ৪৪ হাজার মেয়ের বিয়ের প্রস্তাব পাওয়া ব্যাচেলর
কে আর আধখাওয়া স্যান্ডউইচ নিয়ে মাথা ঘামাবে! কাজেই বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি তাকে। চট করে স্যান্ডউইচটি তুলে নিয়ে সাইকেলে করে ছুটে যান বাড়িতে। বাড়িতে যেয়ে তার মাকে বলেন, নিক্সনের কামড় দেওয়া একটা স্যান্ডউইচ পেয়েছি আমি। মা তো বেজায় অবাক। তারপর ছেলের আবদারে মা ওই আধখাওয়া স্যান্ডউইচ প্লাস্টিকে মুড়ে আপেল-সসের বোতলে ঢুকিয়ে রেখে দিলেন ফ্রিজে। সেই যে রেখেছেন, আজও তা বহাল তবিয়তে আছে।
এর মধ্যে এই আধখাওয়া স্যান্ডউইচের কথা বিশ্বব্যাপী জানাজানি হয়েছে পত্রপত্রিকার কল্যাণে। ১৯৮৮ সালে জনি কারসনের 'টুনাইট' শোতেও হাজির হয়েছিলেন স্টিভ জেন। তাঁর কথা, ‘যত দিন বেঁচে আছি, তত দিন ‘যত্নে রেখ, ফেলে দিও না’ লেবেল সাঁটানো ওই স্যান্ডউইচের কন্টেইনার আমার ফ্রিজেই থাকবে।’
ইত্তেফাক/এএইচপি