এইচএসসির ফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা

করোনা পরিস্থিতি বিবেচনা করে এবারের এইচএসসির ফল অনলাইনে প্রকাশিত হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফল ঘোষণা করা হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। তাই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

আরও পড়ুন: ফলাফল রিভিউ করার সুযোগ পাবে এইচএসসি পরীক্ষার্থীরা

যারা মোবাইল ফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে (HSC< >Board name (First 3 letter) <> <>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে)। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।


ইত্তেফাক/এনএ