বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাণীশংকৈলে পাঁচ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে পাঁচ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।  

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত চিঠি উপজেলা আওয়ামী লীগ ও বহিষ্কৃতদের হাতে পৌঁছেছে বলে জানা গেছে। 

বহিষ্কৃতরা হলেন রাণীশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আলমগীর সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম,  পৌর আওয়ামী লীগের সদস্য সাধন বসাক, উপজেলা আওয়ামী লীগ সদস্য ইস্তেখার আলম ও রুকুনুল ইসলাম ডলার। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতাদের সুপারিশের ভিত্তিতে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে প্রিজাইডিং অফিসারসহ আটক ৫

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মোট আটজন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে দলীয়ভাবে মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান। বাকি সাতজন বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রাখেন। এরই প্রেক্ষিতে দলীয় বিদ্রোহী সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগে থাকায় জেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে।

বাকি দু'জন বিদ্রোহী প্রার্থী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন সহযোগী সংগঠনে থাকায় তাদের বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

ইত্তেফাক/এসআই