বঙ্গবন্ধু সেতুর পাশে আলাদা রেলপথ সেতু নির্মিত হবে: রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই রেলের আলাদা একটি সেতু নির্মিত হবে। জাপানি অর্থায়নে বঙ্গবন্ধু সেতুর ৩শ’ ফিট উজানে ডবল গেজের ওই সেতুটি নির্মাণের পরিকল্পনা হয়েছে। সেটির কাজ সমাপ্ত হলে উত্তরাঞ্চল থেকে ঢাকার ট্রেনসংখ্যা বাড়ানোর আর কোন বাধা থাকবে না’।

মঙ্গলবার দুপুরে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলওয়ে সাধারণ মানুষের বাহন। দ্রুততম সময়ে লোকবল নিয়োগ দিয়ে রেলওয়ের সক্ষমতা আরও বাড়ানো হবে। স্টেশন মাস্টারের সংকটে বন্ধ থাকা শতাধিক রেল স্টেশন অচিরেই চালু করা হবে। সেবা বাড়াতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এমুহূর্তে আমাদের আরও চারটি নতুন ট্রেন চালু করার মতো ইঞ্জিন ও কোচ মজুদ রয়েছে’।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে রেলওয়ে খাতের গুরুত্ব অনুধাবন করেই রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করেছেন। তিনি রেলওয়েকে মৃত প্রতিষ্ঠান থেকে ভাল অবস্থায় নিয়ে এসেছেন।

তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে রেলকে সাধারণ মানুষের আকাঙ্খার বাহন হিসেবে তৈরিতে কাজ চলছে। সৈয়দপুর রেল কারখানার উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। বৃটিশ আমলে প্রতিষ্ঠিত কারখানাটিতে ওয়াগন, কোচসহ রেলের যাবতীয় যন্ত্রাংশ তৈরির সক্ষমতা আছে।

আরও পড়ুন: মেক্সিকোর পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯১

ইত্তেফাক/এমআই