মাতামুহুরী ব্রিজের কাছ থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ায় অপহরণের ২০ ঘণ্টা পর আড়াই বছর বয়সি এক শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মো. আল ওয়াসীয়া। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাতামুহুরীর ব্রিজের কাছ থেকে ওই শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুন্নি আক্তার নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃত মুন্নী চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাটাখালী এলাকার খোন্দকার পাড়ার খলিলুর রহমানের মেয়ে। নিহত শিশু মো. ওয়াসিয়া চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার সাহাবউদ্দিন ও রুনা আক্তার দম্পতির ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শিশু ওয়াসীয়াকে অপহরণের অভিযোগ পাওয়ার পর সারারাত পুলিশের একাধিক টিম মাঠে নামে; কিন্তু সকালে মাতামুহুরী নদীর ব্রিজের কাছ থেকে ওই শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এঘটনায় জড়িত অভিযোগে মুন্নি আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, কী কারণে শিশু ওয়াসীয়াকে হত্যা করা হয়েছে তা জানতে কয়েকটি বিষয়কে সামনে রেখে মাঠে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।