কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্বামীর হাতে নাছিমা আক্তার নামের এক গৃহবধূ খুনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে কুমিল্লা নগরীর শাকতলার বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনার পর শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন নিহতের স্বামী মেহেদী হাসান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চাটখিলের জায়েকবাজার এলাকার প্রবাসী আলমগীর হোসেনের সাথে গত ১৫ বছর পূর্বে বিয়ে হয় কুমিল্লার লালমাইয়ের ভুলুইন দক্ষিণ ইউনিয়নের মগের কলমিয়া গ্রামের আলী হোসেনের মেয়ে নাছিমা আক্তারের। এ সংসারে নাইমুর রহমান অনি নামে তাদের এক ছেলে হয়। কিছুদিন পর আলমগীর হোসেনকে তালাক দিয়ে তার ছোট ভাই প্রবাসী শহীদ উল্লাহকে বিয়ে করে নাছিমা। এ সংসারেও নাজিমুর রহমান অমি নামে এক ছেলে রয়েছে। পরে নাছিমা মেহেদী হাসন নামের এক যুবককে বিয়ে করেন। সালমান জাহিদ ত্বকী নামে এ সংসারে তাদের দেড় বছরের এক শিশু সন্তান রয়েছে। অমি নোয়াখালীর পিতার বাড়িতে থাকে। অনি মায়ের সাথে থেকে কুমিল্লা নগরীর শাকতলা হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। অনি জানায়, সোমবার তার মা-বাবার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্ধ্যায় সে বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দেখে তার মায়ের মৃতদেহ কম্বলে মোড়ানো অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে রাত ৯টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ও সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি জানান, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত করা হয়। ঘাতককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’