শিশু হত্যার দায়ে বান্দরবানে সত্ মায়ের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নয় বছরের শিশুকে হত্যার দায়ে শিশুর সত্ মা সাবেকা আক্তারকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ হ্লামং-এর আদালত এই আদেশ দেয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ষোল জানুয়ারি জেলা সদরের কালাঘাটায় নিজ বাড়িতে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু সানজিদা খানমকে (৯) শ্বাসরোধ করে হত্যা করে সত্ মা সাবেকা আক্তার। পরে শিশুর মা রাশেদা বেগম বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় উভয়পক্ষের বক্তব্য শোনে উপরোক্ত আদেশ দেয় আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেদারুল আলম।