লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রাফট সম্পন্ন 

লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-এলসিটি টেন ডট টেন এর প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। ইনিংস প্রতি ১০ ওভার ১০ বলের টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টার্স। 

দলগুলোর আইকন ক্রিকেটাররা হলেন; মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন। সঙ্গে ৬ দলের মেন্টর হিসেবে থাকছেন- জাহিদ রাজ্জাক মাসুম, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমরান, আতহার আলী খান, নাসির আহমেদ নাসু ও আজহার হোসেন শান্টু।

জাতীয় দল, ঢাকা প্রিমিয়ার লিগে খেলা সাবেক ১২০ ক্রিকেটারের নাম তোলা হয়েছিল ড্রাফটে। আইকন ও মেন্টর প্রতিটি দলে থাকছেন ১৬ জন। ড্রাফটে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, টি স্পোর্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান তাসবীর।

আগামী ১৮-২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।  

ইত্তেফাক/এসআই