রাজস্বের মাঠ প্রশাসনে বড় রদবদল

ইত্তেফাক রিপোর্ট

মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসনে গতি আনতে সম্প্রতি বেশকিছু রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সর্বশেষ গত সোমবার ভ্যাট ও শুল্ক বিভাগে বড় রদবদল হয়েছে। এর মধ্যে বহুল আলোচিত ও রাজস্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কাস্টম হাউজে পরিবর্তন হয়েছে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী  মোস্তাফিজুর রহমানকে সেখানে কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে, আর ঢাকা দক্ষিণে আনা হয়েছে রাজশাহীর ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনকে। চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানকে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার এস এম হুমায়ুন কবিরকে ঢাকা’র কাস্টমস বন্ড কমিশনারেটে, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার ড. মইনুল খানকে ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনারেটে, আর ঢাকা’র ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. মুজিবুর রহমানকে রাজশাহীর ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। ঢাকা বন্ড কমিশনারেটের কমিশনার আল আমিন প্রমানিক সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ইকোনমিক মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন।