এক দিনে ১০ মৃতের ৯ জনই পুরুষ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ আর নারী এক জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে সাত জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে সাত জন ঢাকা বিভাগের এবং এক জন করে মোট তিন জন চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বাসিন্দা। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৩৭ জন। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এ সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৪৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০৬টি ল্যাবে ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ৯৩৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৮ লাখ ৩ হাজার ২৬৩টি।