আইসিসির ওয়ানডে দলে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

‘বল সুইং করার ক্ষমতা আর বুদ্ধিদীপ্ত স্লোয়ার— সব মিলিয়ে ও ওয়ানডেতে দারুণ এক প্যাকেজ’— নিজেদের সংবাদ বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে এটুকু লিখেছে আইসিসি। আর শুধু এটুকু লেখাই নয়, ২০১৮ সালে নিজেদের বর্ষসেরা ওয়ানডে দলেও এই বাঁ-হাতি কাটার মাস্টারকে রেখেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

গেল বছর আক্ষরিক অর্থেই বল হাতে তুখোড় ছিলেন মুস্তাফিজ। ১৮টি ওয়ানডে খেলেছেন। তাতে ২১.৭২ গড়ে পেয়েছেন ২৯ উইকেট। এর মধ্যে কেবল এশিয়া কাপেই তিনি নিয়েছেন ১০ উইকেট। এই বছর ৫০ ওভারের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের চেয়ে বেশি উইকেট পেয়েছেন আর কেবল পাঁচজন।

এর আগে মুস্তাফিজুর রহমান ২০১৫ সালেও আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই পেয়েছিলেন। এর পরের বছর ২০১৬ সালে আইসিসির বিবেচনায় সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জয় করেন তিনি। এর আগে কেবল একবারই বাংলাদেশের কেউ আইসিসির কোনো একাদশে জায়গা পেয়েছিলেন। সেটা ২০০৯ সালের ঘটনা, বর্ষসেরা টেস্ট একাদশে ছিলেন সাকিব আল হাসান।

বর্ষসেরা ওয়ান দলে সর্বোচ্চসংখ্যক প্রতিনিধি আছে ভারত ও ইংল্যান্ডের। দু’টি দল থেকেই আছেন চারজন করে ক্রিকেটার। এর মধ্যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও আছেন রোহিত শর্মা, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড থেকে আছেন জো রুট, জশ বাটলার, জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। এ ছাড়া নিউজিল্যান্ড থেকে আছেন রস টেলর ও আফগানিস্তান থেকে আছেন রশিদ খান।

টেস্ট ও ওয়ানডে দু’টি দলেই জায়গা পাওয়া ক্রিকেটার হলেন দু’জন। দু’জনই ভারতীয়। কোহলি ও বুমরাহ। ওয়ানডের মতো টেস্টের অধিনায়কত্বের দায়িত্বও কোহলির কাঁধে। টেস্ট দলে ভারতের আরও আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ও বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জয়ী ঋষভ পান্ত। গেল বছর সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে তিনি ৪৯.৭১ গড়ে করেছেন ৬৯৬ রান।

টেস্ট দলে নিউজিল্যান্ডেরও আছেন তিন প্রতিনিধি। তারা হলেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম ও হেনরি নিকোলস। এ ছাড়া শ্রীলঙ্কা থেকে দ্বিমুথ করুণা রত্নে, ওয়েস্ট ইন্ডিজ থেকে জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকা থেকে ক্যাগিসো রাবাদা, অস্ট্রেলিয়া থেকে নাথান লিঁও এবং পাকিস্তান থেকে আছেন মোহাম্মদ আব্বাস।

আইসিসি বর্ষসেরা

টেস্ট একাদশ

টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দ্বিমুথ করুণা রত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত-অধিনায়ক), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পান্ত (ভারত-উইকেটরক্ষক), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিঁও (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা

ওয়ানডে একাদশ

রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত-অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড-উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।