শ্রীলঙ্কার হয়ে নিউজিল্যান্ড সফর শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছিলেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান ওয়ানডে অধিনায়ক গত ১৪ জানুয়ারি যোগ দেন খুলনা টাইটান্সে। দলটির হয়ে বিপিএলের বাকি সব ম্যাচ খেলার আগেই ফিরে গেলেন মালিঙ্গা। পারিবারিক কারণে গত সোমবার শ্রীলঙ্কা ফিরে গেছেন তিনি। খুলনা টাইটান্সের ম্যানেজমেন্ট তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলের ষষ্ঠ আসরে খুলনার হয়ে দুটি ম্যাচ খেলেছেন মালিঙ্গা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানে ১ উইকেট নিয়েছেন। চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই লঙ্কান পেসার।