নিউজিল্যান্ড সফর
স্পোর্টস রিপোর্টার
খুলনা টাইটান্সের বিপক্ষে ছয় উইকেটের জয়ে প্লে-অফে খেলার দৌড়ে ফিরল রংপুর রাইডার্স। আট ম্যাচে তাদের জয় এখন চারটি। জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মুর্তজাকে অবশ্য রংপুরের চেয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবেই বেশি প্রশ্নের উত্তর দিতে হলো।
যার যৌক্তিক কারণও রয়েছে। আজই ঘোষণা হবে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দল। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন গতকাল সন্ধ্যায় বলেছেন, ‘কাল (আজ) বিকেলে দল ঘোষণা হবে।’ পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবিও জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে দল ঘোষণার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল অবশ্য খুলনা-রংপুর ম্যাচের পর পুরস্কার বিতরণীর আগে মাঠে দাঁড়িয়ে অধিনায়ক মাশরাফির সঙ্গে নাতিদীর্ঘ আলোচনা করতে দেখা গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেখানে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও উপস্থিত ছিলেন।
গুঞ্জন আছে, নিউজিল্যান্ড সফরেই ওয়ানডে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। বিপিএলে সাত ম্যাচে ১৪ উইকেট নিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন দ্রুতগতির এই পেসার। তার বাইরে সবচেয়ে বড় আলোচনাটা সাব্বির রহমানকে নিয়ে। শৃঙ্খলাভঙ্গের কারণে গত সেপ্টেম্বরে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ করেছিল বিসিবি। যার মেয়াদ শেষ হবে মার্চের শুরুতে।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন ফেসবুকে এক সমর্থককে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিষিদ্ধ হন সাব্বির। গত ১ সেপ্টেম্বর সাব্বিরের শুনানী শেষে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সাব্বিরের শুনানিটা ছিল মূলত ফেসবুকের ঘটনার কারণে। তার আগের নানা কারণের জন্য শাস্তি তো তাকে দেওয়াই হয়েছিল। তার নতুন শাস্তি হলো, সে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে না।’ কিন্তু গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩১ ডিসেম্বর। ডিসিপ্লিনারি কমিটি থেকে নির্বাচকদের এমন তথ্যই দেয়া হয়েছে। অর্থাত্ সংবাদমাধ্যমে ৬ মাস বললেও কার্যত আড়ালে সাব্বিরের শাস্তি অনুমোদন হয়েছিল তিন (৩) মাস! তাই গত ৩১ ডিসেম্বরের পর থেকে মুক্ত এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই আছেন সাব্বির। বিশেষ করে তাকে নিউজিল্যান্ড সফরের দলেই চান অধিনায়ক মাশরাফি। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাব্বিরের বিষয়টি নিয়েই আলোচনা বসেছিলেন বিসিবি কর্তা ও নির্বাচকরা। অধিনায়কের চাওয়ায় আজ ঘোষিত দলে সাব্বিরের নাম থেকে যেতে পারে।
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি। দলটা হতে পারে ১৬ সদস্যের। বিসিবি সূত্র জানায়, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের দলে থাকা ইমরুল কায়েস, আবু হায়দার রনি ও আরিফুল হক। দলে ফিরছেন তাসকিন ও সাব্বির। এছাড়া দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, সৌম্য, রুবেল, মুস্তাফিজ, মিরাজ, নাজমুল অপু, মিঠুন ও সাইফউদ্দিন। বিপিএলে নিজের দেখা বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে গতকাল মাশরাফি তাসকিন-সাব্বিরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। সবমিলিয়ে যদি দেখেন তাহলে এমন বড় পরিবর্তন আসার কথা না।’ নিষিদ্ধ হওয়ার পর ব্যাটিংয়ে বলার মতো পারফরম্যান্স ছিল না সাব্বিরের। বিপিএলেও রান খরা অব্যাহত ছিল। তবে গত ১৯ জানুয়ারি রংপুরের বিপক্ষে ৫১ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন সাব্বির। তাতেই তার প্রতি আস্থা রাখতে চান ওয়ানডে অধিনায়ক।