শেষ চারে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে দুর্বার বেগে ছুটে চলেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। গতকাল কোয়ার্টার ফাইনালে আমেরিকান খেলোয়াড় ফ্রান্সেস টিফোকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবেক বিশ্বসেরা টেনিস তারকা। ফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল মুখোমুখি হবেন শেষ আটে রজার ফেদেরারকে হারানো গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিটসিপাসের। নারী এককে জয়ের ধারায় আছেন পেত্রা কেভিতোভা। অ্যাশলে বার্টিকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। শেষ চারে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবেন শিরোপা প্রত্যাশী নোভাক জকোভিচ। নারী এককে কোয়ার্টার ফাইনালের দ্বৈরথে পৃথক দুটি ম্যাচে খেলবেন সেরেনা উইলিয়ামস এবং জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা।‑