মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ভিডিওচিত্রে ধারণ করেছেন খিং নিন ওয়াই নামের এক শরীরচর্চাবিদ। ভাইরাল হওয়া ভিডিওচিত্রে অভ্যুত্থানের সময় তাকে পার্লামেন্ট ভবনের সামনে গান ছেড়ে অনুশীলন করতে দেখা গেছে। আপাতত ওই তরুণীর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, স্পোর্টস সুট পরে এরোবিক্সের নানা ভঙ্গিমা করছেন খিং নিন। কাউকে গ্রাহ্য নয়, নয় কোনও তাড়াহুড়ো। ইন্দোনেশিয়ার গান ‘আমপুন বাং জাগো’ – এই গানের সঙ্গে একেবারে রোজকার স্বাভাবিক ছন্দে চলছে অনুশীলন। সোশ্যাল মিডিয়ায় টানা ৩ মিনিটের সেই ভিডিওই ঝড় তুলেছে। মায়ানমার সেনার অত্যাচারের ভয়াবহতা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তরুণী।
এই ভিডিওর বিষয়ে খিং নিন বলেন, কয়েকদিন আগেও আমি এই জায়গায় অনুশীলন করতাম। আজ হঠাৎ পরিস্থিতি বদলে গিয়েছে বলে কেন আমি রোজকার কাজকর্ম পালটে ফেলব?”
সোমবার ভোরে সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষশতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।
গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় । বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে মিয়ানমারের সেনাবাহিনী নেতৃবৃন্দকে গ্রেফতারের পর এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।