বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু হবে -----রেলমন্ত্রী

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি ডাবল লাইনের রেলসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানি অর্থায়নে সেতুটি নির্মিত হবে। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি মঙ্গলবার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিশেষজ্ঞদের মতে, বেশি বেশি রেল চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে এর পাশেই একটি ডাবল লাইন রেলসেতু নির্মাণ করা হবে। জাপান সরকারের অর্থায়নে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নুরুল ইসলাম বলেন, পৃথক রেলপথ মন্ত্রণালয়ের বয়স মাত্র আট বছর। ওই মন্ত্রণালয়ের অধীন সরকার এরই মধ্যে অনেকগুলো মেগা প্রকল্প গ্রহণ করেছে। ভারতের সহযোগিতায় সৈয়দপুরে আরও একটি রেল কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নতুন নতুন কোচ নির্মাণ করা হবে। ফলে বিদেশ থেকে আমদানি নির্ভরশীলতা কমবে।

রেলমন্ত্রী বলেন, ইতিপূর্বে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের ১০ হাজার লোক ছাঁটাই করা হয়েছে। নিয়মিত অবসর প্রক্রিয়ার কারণে রেলের জনবল আরও কমছে। নতুন লোক নিয়োগের মাধ্যমে ওই সংকট নিরসনে দৃঢ় সংকল্পবদ্ধ। পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশন চালু করা হবে।

এর আগে সকালে মন্ত্রী সৈয়দপুর রেল কারখানায় এসে পৌঁছলে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। রেলওয়ে কারখানার ভারপ্রাপ্ত বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোঃ জয়দুল ইসলাম তাকে স্বাগত জানান। মন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য স্বাধীনতায় পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি রেল প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (আর এস) মোঃ শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক খোন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।

এরপর মন্ত্রী রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে রেলওয়ে কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।