বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয় বেশ কয়েকজন।