ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছি। প্রত্যেকদিন কাজ করে যাচ্ছি। এ গতকাল মঙ্গলবার বিকালে দুদক কার্যলয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, সরকারের জিরো টলারেন্স মানে হচ্ছে দুর্নীতিবাজদের পালানোর আর কোনো জায়গা নেই। এ কারণে স্পষ্ট বলা যায় দুর্নীতির ব্যাপারে আর কোনো সতর্কবার্তা নেই। আজও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
একাদশ সংসদ নিবর্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে দুদক অনুসন্ধান করতে চেয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ তো এমন না যে ধরলাম আর এখনই মারলাম। প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারি না। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা কঠিন। আমরা বলেছি ১৫ তারিখের পরে (গত জানুয়ারি) কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অ্যাকশন নেবো। আমরা হলফনামার অসঙ্গতিগুলো দেখছি। অসঙ্গতির সঙ্গতি কতটুকু সেগুলো দেখছি।’
দুদক পরিচালক ফজলুল হকের বরখাস্তের বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই। যারাই আমাদের নজরে আসবে, তাদের বহিষ্কার করা হবে।