যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল প্রবল ঠান্ডায় স্থবির, মৃত এক

তীব্র শীতল বাতাসের কারণে প্রবল ঠান্ডার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চল। ওই অঞ্চল দুটির অধিকাংশ বাসিন্দাই আবহাওয়া কর্মকর্তাদের পরামর্শ মেনে সোমবার ঘর থেকে বের হননি বলে জানিয়েছে রয়টার্স।

তুষারঝড়ের পর উত্তরের মেরু অঞ্চল থেকে বয়ে আসা বরফশীতল বাতাস দেশটির উত্তর-পূর্বাঞ্চল জুড়ে ৩০ সেন্টিমিটার তুষারপাতের কারণ হয়েছিল, রবিবার ওই তুষার গলতে শুরু করে। সোমবার শিকাগোতে তুষার দিয়ে দুর্গ বানানোর পর নিজের ওই তুষারদুর্গ ধসে ১২ বছরের এক বালিকা মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। তার সঙ্গে খেলারত ৯ বছর বয়সী আরেক বালিকাকে তুষার খুঁড়ে উদ্ধার করা হয়। হাসপাতালে হাইপোথার্মিয়ার চিকিত্সা নেওয়া এই বালিকাটি বেঁচে যাবে, এমনটি আশা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মেরিল্যান্ডের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তা মার্ক চেনার্ড জানিয়েছেন, রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত নিউ ইয়র্ক থেকে বস্টন হয়ে নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের তাপমাত্রা মাইনাস ২০ সেলসিয়াসে নেমে গিয়েছিল। এর সঙ্গে ঘণ্টায় ৪৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস যোগ হয়ে পরিস্থিতি প্রাণঘাতী অবস্থায় পৌঁছে গেছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘এটি নিশ্চিতভাবে বিপজ্জনক, জীবন-মৃত্যু ধরনের আবহাওয়া বিরাজ করছে। মিনেসোটা ও উইসকনসিনের তাপমাত্রা আরও নেমে যেতে পারে।’

নর্থ ডাকোটা থেকে পূর্ব উপকূলের মেট্রোপলিটান কেন্দ্রগুলোসহ ১০টিরও বেশি রাজ্যে সতর্কতা জারি করে বিভিন্ন পরামর্শ দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আবহাওয়াজনিত কারণে সাত হাজার ৫০০টিরও বেশি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে, যার অধিকাংশই নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা উষ্ণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।