খাশোগি হত্যার আন্তর্জাতিক তদন্তের পরিকল্পনা তুরস্কের

রয়টার্স

ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্ক আন্তর্জাতিক তদন্তের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু। সামনের দিনগুলোতে আঙ্কারা এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু মেভলুতকে উদ্ধৃত করে এ সব জানিয়েছে।

কনসুলেটের ভেতর খাশোগির পরিণতি নিয়ে প্রথম থেকেই লুকোচুরির আশ্রয় নেয় সৌদি। একেক বার একেক ধরনের বিবৃতি দেওয়ার পর শেষ দিকে তারা জানায়, মধ্যস্থতার মাধ্যমে সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কনসুলেটের ভেতরই খাশোগিকে খুন ও তার মৃতদেহ সরিয়ে ফেলা হয়। তুরস্ক পরে এ হত্যাকাণ্ড নিয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে যৌথ তদন্তের কথা জানায়। ঘটনা উন্মোচনে সৌদি আরব সহযোগিতা করছে না বলেও অভিযোগ করে দেশটি।  

পশ্চিমা দেশগুলো খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি চেপে যাচ্ছে বলেও সোমবার এক বক্তৃতায় অভিযোগ করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত। তিনি জানান, আঙ্কারা খাশোগি  হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ আছে যারা এটি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর কারণটা জানি।  তিনি আরো বলেন, এরপরও আমরা এর শেষ পর্যন্ত যাবো। সামনের দিনগুলোতে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তুতি নিয়েছি আমরা, শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।