আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। আরেক ফাইনালিস্ট কে? তা জানতে তাকিয়ে থাকতে হবে আজ চেন্নাইতে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের দিকে।
তবে ভারতের জন্য সমীকরণটা সহজই বলা যায়। ঘরের মাঠে চার ম্যাচের এই সিরিজটি ২-০ বা ২-১ ব্যবধানে জিতলেই কিউইদের সঙ্গী হবে। তাতে ইংল্যান্ডের কপাল তো পুড়বেই একই সঙ্গে ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে অস্ট্রেলিয়ারও। এমন পরিণতি যাতে দেখতে না সে জন্য কমপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে হবে ইংলিশদের।
তারপরও পাল্লাটা একটু বেশি ঝুঁকে আছে ভারতের দিকেই। কেননা গত ৯ বছর ধরে ঘরের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি তারা। সবশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ হারানোয় আত্মবিশ্বাসে টইটম্বুর দলটি। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে অধিনায়ক বিরাট কোহলি ফেরায় দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা। তাই বলে সাহস হারাচ্ছেন না জো রুট।
ইংলিশ অধিনায়কের মতে, সিরিজের চাপটা বেশি থাকবে ভারতের ওপরই। চেন্নাইতে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামার আগে গতকাল রুট বলেন, ‘অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানোর পর ভারতের জন্য প্রত্যাশার চাপ থাকবে বেশি। আমরা জানি ভারতে এসে ভারতের বিরুদ্ধে খেলা কতটা কঠিন। তবে তার জন্য আমরা তৈরি। কোনোরকম ভয় কাজ করছে না আমাদের মধ্যে।’
ভারতের মাটিতেই ২০১২ সাদা পোশাকের জার্সিটি প্রথম জড়িয়েছিলেন রুট। সেবার সাক্ষী হয়েছিলেন ঐতিহাসিক সিরিজ জয়ের। এবার তিন অঙ্কের মাইলফলক ছোঁয়ার সিরিজে নিশ্চয়ই সেটি পুনরাবৃত্তি চাইবেন তিনি। সেজন্য অব্যাহত রাখতে হবে শ্রীলঙ্কা মাটি থেকে নিয়ে আসা দুর্দান্ত ফর্মটি। যেখানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ (২-০) করার পেছনে বড় অবদান রাখে তার এক ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির ইনিংসটি।
ইত্তেফাক/এমআর