টেকনাফে এক লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার ভোরে এ ইয়াবা উদ্ধার করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, মিয়ানমার থেকে ভোররাতে ইয়াবার একটি বড় চালান সাবরাংস্থ নাফ নদীর বড়খাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে কোস্টগার্ড সদস্যরা অবস্থান নেয়। এসময় কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে মিয়ানমার সীমানা অতিক্রম করে এক ব্যক্তিকে সাঁতার কেটে বাংলাদেশ সীমানায় আসতে দেখে। তখন বোট থেকে দূরবর্তী ঐ ব্যক্তিকে লক্ষ্য করে টর্চ মারলে সে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে পুনরায় মিয়ানমার সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে। 

তিনি আরও জানান, পরে স্টেশনে এনে গণনা করে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম