শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকার খলচান্দার কোচপাড়ায় বন্যহাতির তাণ্ডব শুরু হয়েছে। ফলে আতঙ্ক দেখা দিয়েছে পাহাড়ি এলাকায় বসবাসরত অধিবাসীদের মাঝে। তাই আতঙ্কগ্রস্থ গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে হাতির আক্রমণ ঠেকাতে।
বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় ১১১২ নং সীমান্ত পিলারের ডালুকোনা-খলচান্দা থেকে ১১১৩ নং সীমান্ত পিলারের সমশ্চূড়া পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে বিচরণ করা বন্যহাতির দলটিকে তাড়িয়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী নির্মল কোচ (৪৫) ও দুঃশাসন কোচ (৩২) জানান, বাড়ির উত্তর পূর্ব দিকে ডালুকোনা পাহাড়ে গরু আনতে গেলে বন্যহাতির দলটি দেখতে পাওয়া যায়। এসময় হাতি তাড়ানোর জন্য খলচান্দা কোচপল্লীতে খবর পাঠানো হয়। পরে গ্রামবাসী হাততালি, হৈ-হুল্লুর চিৎকার ও হ্যান্ড মাইকের সাহায্যে শব্দ করে সমশ্চূড়া পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়।
জানা যায়, এর আগেও ২০০১ সালের দিকে এই পাহাড়ি এলাকায় বন্যহাতি তাণ্ডব শুরু করেছিল। প্রায় ২০ বছর অতিবাহিত হলেও সরকারিভাবে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা মোঃ আবদুল করিম বলেন, বন্যহাতির আক্রমণ থেকে জানমাল বাঁচাতে আমরা সচেতন আছি। এলাকায় বসবাসরত জনসাধারণকে নিয়ে হাতির আক্রমণ ঠেকাতে এবং বন্যহাতির দলকে উত্যক্ত না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এসসিএস