কুমিল্লায় পৃথক অভিযানে ১৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী ও পূর্ব চাঁনপুর এবং সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার ও বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় র্যাব এ পৃথক অভিযান পরিচালনা করে।
এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি আরো জানান, পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১৬৪ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার লাকসাম উপজেলার পইশাগি গ্রামের বাহার উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর (উত্তরপাড়া) গ্রামের ইমন মিয়া, আদর্শ সদর উপজেলার পূর্বচাঁনপুর গ্রামের গিয়াস উদ্দিন ও বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের শাকিল।
ইত্তেফাক/এসসিএস