শিক্ষাখাত ও পরীক্ষা পদ্ধতির অনিয়ম রোধে কঠোর হওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসসহ শিক্ষা ও পরীক্ষা পদ্ধতির সকল অনিয়ম উত্পাটনে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অভিভাবক ও পরীক্ষার্থীদের পরীক্ষার আগে অনৈতিক পথে না নামারও আহবান জানিয়েছেন। 

গতকাল মঙ্গলবার মহানগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্কুল ও মাদ্রাসার জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এ পরীক্ষা আমাদের সবার জন্যও একটা পরীক্ষা। আমরা এ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাই। এ পরীক্ষা যেন প্রশ্নপত্র ফাঁসমুক্ত এবং নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, আমরা চাই, পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নিশ্চয় জরুরি, জিপিএ-৫ পাওয়াও জরুরি। কিন্তু সেটি একমাত্র বিবেচনার বিষয় হতে পারে না। আমি ভালো মানুষ হলাম কি না, আমার মধ্যে মানবিকতাবোধ, নৈতিকতাবোধ আছে কি না, আমি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কি না, আমি সুস্থ, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কি না সেটি সবার আগে বিবেচনার বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে পাঠ্যপুস্তকের বাইরের বিষয়াদি নিয়েও পড়াশোনার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক। বক্তব্য রাখেন— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব  মোঃ আলমগীর, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম।