আবার আইসিসি একাদশে মুস্তাফিজ

ক্যারিয়ারের প্রথম বছরেই এই বাজিমাত করেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই পেয়েছিলেন তিনি। এবার আবার ২০১৯ সালের জন্য এই একই দলে নাম ঘোষণা করা হলো মুস্তাফিজের। এর মাঝে ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বাংলাদেশি এই ‘কাটার মাস্টার’। গেলো বছর বল হাতে দুর্দান্ত সময় কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। গত বছরে ১৮টি ওয়ানডে খেলে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়েছেন। গত বছরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ ছিলেন বিশ্বের ষষ্ঠ সেরা। এর মধ্যে এক এশিয়া কাপেই ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

মুস্তাফিজ এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেলেন। এ ছাড়া ২০০৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান।

বর্ষসেরা ওয়ানডে দলে চার জন করে ক্রিকেটার আছেন ভারত ও ইংল্যান্ড থেকে। ভারতের থেকে আছেন এই দলের অধিনায়ক বিরাট কোহলি। এ ছাড়া আছেন রোহিত শর্মা, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড থেকে জো রুট, জশ বাটলার, জনি বেয়ারস্টো ও বেন স্টোকস সুযোগ পেয়েছেন এই দলে। এ ছাড়া নিউজিল্যান্ডের রস টেলর ও আফগানিস্তানের রশীদ খান সুযোগ পেয়েছেন এখানে।

একই দিনে আইসিসি বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে। ওয়ানডে দলের দুই জন খেলোয়াড় আছেন টেস্ট দলে। তারা হলেন- বিরাট কোহলি ও বুমরাহ। টেস্ট দলে জায়গা হয়নি ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার। তবে আছেন ভারতীয় নতুন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত।