উত্তর সিটির মেয়র পদে ভোট ২৮ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডেও ওই দিন ভোট হবে। গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটিতে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ৯  ফেব্রুয়ারি।

সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর মেয়র পদে ইসি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে হাইকোর্টের আদেশে ঢাকা উত্তরের সিটি নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, উচ্চ আদালতের আদেশ নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে এবং দুই সিটির সমপ্রসারিত অংশে ভোট করতে আপাতত আইনগত কোনো বাধা নেই।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই ভোটে উত্তর সিটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী আনিসুল হক। ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে চিকিত্সারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলে মেয়র পদটি শূন্য হয়। এরপর ২০১৮ সালের ৯ জানুয়ারি উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন, উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ভোটগ্রহণের কথা ছিল গত বছরের ২৬ ফেব্রুয়ারি। কিন্তু আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিল। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন হলে হাইকোর্ট ভোট স্থগিত করে রুল দিয়েছিল। পরে আপিল বিভাগেও সেই স্থগিতাদেশ বহাল থাকে। ফলে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন আটকে যায়। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনও হয়ে যায়। রিটকারীরা এখন আর মামলা চালাতে আগ্রহী না হওয়ায় গত ১৬ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের বাধা কাটে।

ইসি সচিব বলেন, স্থগিতাদেশের আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরও নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের জামানতের টাকা ফেরত দেয়া হবে; এবার নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এ জন্য নির্ধারিত সময়ে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। তবে সে সময় যাদের এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছিল, তারাই বহাল থাকবেন।

এছাড়া যারা কাউন্সিলর নির্বাচিত হবেন তাদের মেয়াদ কি আড়াই বছর না পাঁচ বছর হবে-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এক্ষেত্রে তফসিল ঘোষিত পদগুলোর মেয়াদ হবে করপোরেশনের মেয়াদ পর্যন্ত। ২০২০ সালের মে মাসেই নতুন নির্বাচিতদের মেয়াদ পূর্ণ হবে।

কিশোরগঞ্জ-১ আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি

কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। ওই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন, গেজেটও হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তার মৃত্যু হয়। তাই এই আসনে নতুন সাধারণ নির্বাচন হিসেবে গণ্য হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩  ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

নারী আসনে তফসিল ৩ ফেব্রুয়ারি

সংরক্ষিত নারী আসনে আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন এখন আগামী ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে  ইসি সচিব বলেন, সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৩ ফেব্রুয়ারি। তিনি বলেন, পটুয়াখালী পৌরসভা, আমতলী পৌরসভা এবং ১১টি ইউনিয়ন পরিষদ ও কয়েকটি পৌরসভার একাধিক ওয়ার্ডের উপ-নির্বাচনও হবে ২৮ ফেব্রুয়ারি।

গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।