ভোট ডাকাতির জন্য মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না :ফখরুল

নির্বাচন বাতিলে সরকারকে বাধ্য করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতের অন্ধকারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। রাতের আঁধারে ডাকাত এসে আমাদের সব মূল্যবোধ ডাকাতি করে নিয়ে গেছে। এদেশের মানুষ আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করবে না। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে গত ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির চিত্র দেখেছে। দেশে-বিদেশে সবাই জানে, মূলত ৩০ ডিসেম্বর কোনও ভোটই হয়নি বাংলাদেশে। হয়েছে জনগণের ভোটাধিকার ডাকাতি। আগামী দিনে আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না জানিয়ে ফখরুল বলেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছি, আমরা যে কথা বলেছি- আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, পয়গাম আলী, আফাজ উদ্দীন ভুইয়া, আনছারুল হক প্রমুখ।