গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকা থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হচ্ছে হাতিয়াব এলাকার মোঃ ইজ্জত আলীর ছেলে আব্দুল জলিল (৩৫), একই এলাকার মোঃ মোস্তফা আলীর ছেলে মোঃ রায়হান আলী (২০) ও সদর থানার বরুলিয়া এলাকার মোঃ সুরুজ পালোয়ানের ছেলেন মোঃ আরিফ পালোয়ান (২৮)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল, দু’টি কুড়াল, দু’টি ছুরি এবং ২টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গাজীপুর সদর থানার হাতিয়াব এলাকায় ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারক চক্রের কয়েকজন প্রতারণা করার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার বিকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। র্যাব আরো জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত্ ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে নিরীহ মানুষদেরকে অস্ত্র, চাপাতির ভয় দেখিয়ে ও চেতনা নাশক জাতীয় ওষুধ খাইয়ে, তাদের কাছ থেকে মোটা অংকের টাকা, গহনা, মোবাইল ফোন ছিনিয়ে নিত।