শহরের পাইকপাড়া এলাকায় সালাউদ্দিন দেওয়ান (৫০) নামের সাবেক ফুটবলারকে ইয়াবাসহ ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সদর মডেল থানার এসআই নাজমুলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়। তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মূলত প্রশাসনিক কারণে এসআই নাজমুলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জানা গেছে, গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই সময়ে শহরের পাইকপাড়ার নিজ বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। গত সোমবার তাকে আদালতে পাঠালে আদালত সালাউদ্দিনকে কারাগারে প্রেরণ করেন।