গাজীপুরের শিশুটির দায়িত্ব নিল র্যাব

গাজীপুরের ভাওরাইদে স্বামীর হাতে হত্যাকাণ্ডের শিকার আফরোজা বেগমের পাঁচ বছর বয়সী কন্যা সাথীর দায়িত্ব নিয়েছে র্যাব। পাশাপাশি শিশুটির মামা আনোয়ার হোসেনের চাকরির ব্যবস্থা করেছে র্যাব। সোমবার রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে শিশুটির মামাকে নগদ ২ লাখ টাকার চেক দেয়া হয়।

র্যাব জানায়, গত ৩ জানুয়ারি গাজীপুরের ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় স্ত্রী আফরোজাকে পারিবারিক কলহের জেরে স্বামী শাহজাহান মিয়া শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। ৪ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে সেপটিক ট্যাংক থেকে আফরোজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে র্যাব-১ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে গত ১১ জানুয়ারি আফরোজার স্বামী শাহজাহান ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব।

ঘটনার পর থেকে অসহায় সাথী তার মামা আনোয়ার হোসেনের কাছে রয়েছে। আনোয়ার পেশায় দিনমজুর এবং তার ঘরেও দুই সন্তান রয়েছে। ঘটনার পর র্যাব থেকে শিশুটির দায়িত্ব নেয়ার কথা বলা হয়। সোমবার র্যাব কার্যালয়ে অসহায় নিঃস্ব সাথী বর্তমান পড়াশোনা ও পুনর্বাসন বাবদ তার মামার হাতে র্যাব সদর দফতর থেকে ১ লাখ ও র্যাব-১ থেকে ১ লাখসহ মোট ২ লাখ টাকার চেক দেয়া হয়। পাশাপাশি র্যাবের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় শিশুটির মামার চাকরিরও। এ বিষয়ে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ সারওয়ার বিন কাশেম বলেন, র্যাব-১ এর পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মানবতার সেবায় কাজ করি। আমি নিজেও বিভিন্ন সময় অসহায় মানুষের সাহায্যে কাজ করেছি। শিশুটিকে দেখে আমার খুবই খারাপ লেগেছে।