মহাপরাজয়ে বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে --------------বি. চৌধুরী

বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাপরাজয় হয়েছে। বিএনপির দলীয় শৃঙ্খলা ভেঙে গেছে। আর শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় নিজ বাসায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের কমিউনিটি লিডার ও বিশিষ্ট নারীনেত্রী বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বড় মেয়ে তাসনিমা মান্নান সানিয়াসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্নয়নের অগ্রগতিকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বি. চৌধুরী বলেন, গত ১০ বছরে বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে। মাথাপিছু আয় সাড়ে ৫০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৭০০ ডলার হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের মূল্য যেখানে ৮ টাকা, সেখানে পাকিস্তানে ১৬ টাকা। উন্নয়ন এবং সমৃদ্ধিকে বিকল্পধারা দেশের হূিপণ্ড মনে করে। আমরা তাই মনে করি, গর্বিত বাংলাদেশ এগিয়ে যেতে পারে তীব্র গতিতে উন্নয়নের মাধ্যমে।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারাকে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠিত করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বিকল্পধারায় যোগ দেওয়া তাসনিমা মান্নান সানিয়া বলেন, ‘আমি রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ আমার বাবা মেজর মান্নান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নে তার অসামান্য অবদানে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী প্রমুখ।