বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হাতে মারধরের শিকার হয়েছে এক যুবক। রাজধানীর টিকাটুলিতে এ ঘটনা ঘটেছে। বখাটের হামলার শিকার হওয়া ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। অপর দিকে বখাটেরা ঐ তরুণীর পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এ নিয়ে থানায় মামলা ও জিডি করা হলেও বখাটেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং ওই পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঐ তরুণীর পরিবার জানায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার সময় সুজন নামে এক বখাটে নিয়মিত উত্ত্যক্ত করে। এ নিয়ে ওই তরুণীর বড়ভাই উত্ত্যক্তকারী সুজনের সঙ্গে দেখা করেন। তিনি সুজনকে এসব থেকে বিরত থাকার কথা বললে সুজন আরো ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়। এর জের ধরে গত ১৬ জানুয়ারি রাত সাড়ে বারোটার সময় সুজনসহ ১০/১২ জন মিলে ঐ তরুণীর ভাইকে রড ও লোহার পাইপ দিয়ে মারধর করে। পকেটে থাকা ৬ হাজার ২০০ টাকা সুজন ছিনিয়ে নেয়। পরে দুই বন্ধু তাকে উদ্ধার করে। এ ঘটনায় ঐ তরুণীর মা বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুজনকে (৩৮) প্রধান আসামি করে তার দুই ভাই মশিউর রহমান (৩৫), সুমন (৪০) ও মাসুদ পারভেজ (৩৭), জাহিদুল ইসলাম রাসেল (৩৬), আশিকুর রহমান তনয়সহ (৩৫) অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে ওয়ারী থানার একটি মামলা দায়ের করেছেন।