টাই পরতে অস্বীকৃতি জানানোর মাশুল

টাই না পরায় নিউজিল্যান্ডের পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়েছেন রাউইরি ওয়াইতিতি নামে এক সংসদ সদস্য। আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার রাজনৈতিক দল মাওরি পার্টির সহ-প্রতিষ্ঠাতা এই সংসদ সদস্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, নিউজিল্যান্ডের পার্লামেন্টে পুরুষ এমপিদের টাই পরা বাধ্যতামূলক। টাই না পরে পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে কোনও এমপি প্রশ্ন করতে পারবে না। ফলে টাই না পরায় ওয়াইতিতিকে দুইবার প্রশ্ন করতে বাধা দেন স্পিকার ট্রেভর ম্যালার্ড। দ্বিতীয়বার বাধা পাওয়ার পরও প্রশ্ন করে যাচ্ছিলেন এই এমপি। এরপর স্পিকার ম্যালার্ড তাকে চেম্বার থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। 

স্পিকারের এমন আচরণকে ‘আপত্তিকর’ বলেন ওয়াইতিতি। চেম্বার থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় সংবাদমাধ্যমকে উত্তেজিত ওয়াইতিতি বলেন, ‘এটি টাইয়ের বিষয় না, সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন। টাইয়ের পরিবর্তে সবুজ পাথরের কানের দুল পরে এসেছিলেন ওয়াইতিতি। টাইকে তিনি 'ঔপনিবেশিক ফাঁস' বলে বর্ণনা করেন।’

নিউজিল্যান্ডের পার্লামেন্টে পুরুষ এমপিদের টাই পরা বাধ্যতামূলক। এই নিয়ম নিয়ে আগেও আপত্তি উঠলে স্পিকার ম্যালার্ড জানান, নিয়ম পরিবর্তনের প্রস্তাবকে তিনি সমর্থন করেন। কিন্তু অধিকাংশ এমপিরা তার পক্ষে নাই। ফলে এ নিয়ম বাধ্যতামূলক থাকছে পার্লামেন্টে। এর আগেও, পার্লামেন্টে টাই পরা নিয়ে মাওরি পার্টির নেতার সঙ্গে স্পিকার বিবাদ হয়। টাই না পরলে তাকে বহিষ্কার করা হবে বলে গত বছর সতর্কতা দেওয়া হয়। 

ইত্তেফাক/এএইচপি