টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে এক দল ডাকাত ৩৩ কেভি পাওয়ার গ্রিডে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে একটি কক্ষে আটকিয়ে হাত-মুখ ও পা বেঁধে মারপিট করে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্মাণাধীন ওই গ্রীডের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কাছে ডাকাত দলের একজন সদস্য নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ডাকাত দলের অন্য আরও সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে একে একে ভেতরে প্রবেশ করে গ্রীডে কর্মরত সিমেন্স, আরপিপি এবং এনার্জিপ্যাক কোম্পানীর ইঞ্জিনিয়ার, ফোরম্যান ও নিরাপত্তাকর্মীসহ ১৮/২০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
আরও পড়ুন: চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪
পরে তাদের মুখ-হাত ও পা বেঁধে একটি কক্ষে আটকিয়ে মারপিট করে নগদ এক লাখ টাকা, দুইটি সোনার আংটি, ২৫০ মিটার কন্ট্রোল ক্যাবল, ১০০০ মিটার জিবি ক্যাবল ও ২৫০ মিটার বিল্ডিং ওয়্যারক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। মধ্যরাত পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানা পুলিশ গিয়ে জিম্মিদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে। মালামাল উদ্ধারসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা শুরু করা হয়েছে।
ইত্তেফাক/এনএ