টেকেরহাটে ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিককে জরিমানা

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে টেকেরহাট বন্দরের কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে তিন হাসপাতাল মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক মালিককে আর্থিক জরিমানাসহ ভুয়া ডাক্তার কারাগারে পাঠিয়েছে। জব্দ করা হয়েছে ভুয়া রোগ নির্ণয় সনদ ও সিল।

বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম ও রেক্সোনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম জানান, ‘জেলা ম্যাজিস্ট্রেট মো: ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় ও মাদারীপুর র‌্যাব-৮ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়েছে।’

আরো পড়ুন: প্রিয়াঙ্কা রাজনীতিতে যথেষ্ট যোগ্য: রাহুল

অভিযোগ প্রমাণিত হওয়ায় টেকেরহাট সিটি প্রাইভেট হাসপাতালের অন্যতম মালিক মো. রফিকুল ইসলামকে তিন মাস, রোকেয়া প্রাইভেট হাসপাতালের মালিক মনিরুজ্জামান মনিরকে ছয় মাস ও বাগচী ডেন্টাল কেয়ারের মালিক ভুয়া ডাক্তার সুবীর বাগচীকে একবছর কারাদণ্ড এবং অনিয়মের অভিযোগে ইউএস মডেল প্রাইভেট হাসপাতালের মালিক সৈয়দ সোহেলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

ইত্তেফাক/অনি