সেঞ্চুরির স্বাদ পেলেন না বনার, প্রথম স্বস্তি এনে দিলেন মিরাজ

মিরপুর টেস্টের প্রথম দিনের শুরুর মতো দ্বিতীয় দিনের শুরুটাও খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের। প্রথম সেশনের শুরু থেকেই ক্যারিবীয়দের স্কোরবোর্ডে যুক্ত হতে থাকে রান। তবে সেই হতাশার মাঝেও যেনো কিছুটা স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। শতক পূরণের আগেই ফেরালেন এনক্রুমা বনারকে।

টানা দুই ইনিংসে সেঞ্চুরির খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত শতকের স্বাদ নিতে ব্যর্থ বনার। আগের টেস্টে ৮৬ রান করেছিলেন তিনি। এবার ফিরলেন ৯০ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দলীয় ২৬৬ রানের মাথায় মিরাজের ৯৯তম শিকারে পরিণত হন বনার। ওভারের তৃতীয় বলে মিথুনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই ক্যাচ নিতে ভুল করেননি মিথুনও। ২০৯ বল খেলে ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফিরলেন বনার। 

একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ৯৯তম উইকেটের স্বাদ পেলেন মিরাজ। আর মাত্র একটি উইকেট শিকার করতে পারলেই তাইজুল ইসলামকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারীর মালিক হবেন তিনি। উইকেটের সেঞ্চুরি করতে তাইজুলের লেগেছে ২৫ টেস্ট। ২৪তম টেস্ট খেলছেন মিরাজ।    

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ওই সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় সেশনে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ১৪৬ রানে চার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষ সেশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আগের সেশনে ব্যাট হাতে বাজে একটা সময় কাটালেও শেষ সেশনে এসে ফের বাংলাদেশের বোলারদের ধৈর্য পরীক্ষা নিয়েছেন জার্মাইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বনার। ১৭৮ রানে পঞ্চম উইকেটের পতন হলে সেখান থেকে বনারের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। মিরাজের বলে একবার বনার একবার এলবিডব্লুর শিকার হলে পরবর্তীতে রিভিউ নিয়ে সে যাত্রায় বেচে যান বনার। 

শেষ সেশনে মাত্র একটি উইকেট সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বনার এবং ডি সিলভা জুটি প্রথম দিন শেষে স্কোরবোর্ডে তুলেছেন ৪৫ রান। 

ইত্তেফাক/জেডএইচডি