গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
মাদক বিক্রি ও সেবন বন্ধে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে উপজেলার মশিন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা। বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর-কাছিকাটা সংযোগ সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মশিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা, ছাত্রলীগ নেতা শওকত রানা সজিব, জিবন মোল্লা প্রমুখ। বক্তারা এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।